অক্সিজেন সরবরাহে সমস্যা, মুহুর্তেই ১১ করোনা রোগীর মৃত্যু ভারতে

ভারতের অন্ধ্র প্রদেশের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহে সাময়িক জটিলতার কারণে করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

জানা যায়, হাসপাতালটি অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরে অবস্থিত। সেখানকার আইসিইউতে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার কারণে গতকাল সোমবার রাতে ওই রোগীদের মৃত্যু হইয়েছে।

স্থানীয় জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, অক্সিজেন সিলিন্ডার পুনরায় ভরতে ৫ মিনিটের সংকটের আবির্ভাব হয়েছিল। এতে চাপ কমে যায়। যা থেকে করোনায় আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, ৫ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ পুনরুদ্ধার করা হয়। এখন সবকিছুই স্বাভাবিক আছে। আর দুশ্চিন্তার কারণ নেই।

জেলা কালেক্টর ৫ মিনিটের কথা বললেও রোগীদের স্বজনদের অভিযোগ, অক্সিজেন সরবরাহে বিঘ্নের ঘটনা অন্তত ৪৫ মিনিটের মতো স্থায়ী ছিল।

এনডিটিভির জানায়, অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দিলে প্রায় ৩০ জন চিকিৎসক আইসিইউতে ছুটে যান। তারা রোগীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়।

অক্সিজেন সরবরাহে বিঘ্ন থেকে গুরুতর করোনা রোগীদের মৃত্যুর এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি গভীর দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে তিনি জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইত্তেফাক/টিআর