ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ২৭ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি পারাপারে সহায়তাকারী দালালকেও আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ পাহাড়ায় রাখা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে মহেশপুরের মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী পুরুষ ২৭ জনকে আটক করে বিজিবি। তাদের বাড়ি নাটোর, যশোর, লক্ষ্মীপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় বলে আটককৃতরা দাবি করে। সোমবার সন্ধ্যায় শহরের আজাদ রেস্ট হাউজের ৪র্থ তলায় তাদের রাখা হয়।
জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সীমান্ত থেকে আটক হওয়া ২৮ জনকে সোমবার আদালতে সোপর্দ করে মহেশপুর থানা পুলিশ। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় শহরের আজাদ রেস্ট হাউজে তাদের কোরেন্টাইনে রাখা হয়।
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা জানান, অবৈধ পথে ভারত থেকে মানুষ আসায় করোনা সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে।
ইত্তেফাক/এমএএম