বাংলাদেশি দর্শকদের জন্য ঈদে জিফাইভে সালমানের ‘রাধে’

২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। এরপর আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাধে’ বাংলাদেশি দর্শকদের জন্য ডিজিটাল মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম জিফাইভে।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার বলিউড ছবিটি শুধু বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিফাইভ। ছবিটি শুধু বাংলাদেশি দর্শকরাই উপভোগ করতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ছবিটি জিফাইভে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জি স্টুডিওর সহায়তায় ছবিটি নিয়ে এসেছে সালমান খান ফিল্মস; প্রযোজনায় করেছেন সালমান খান, সোহেল খান ও রিল লাইফ প্রডাকশন প্রা. লিমিটেড।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঈদ উপলক্ষে বাংলাদেশি দর্শকদের জন্য জিফাইভে ছবিটি মুক্তি দিতে পেরে ও ঘরে বসে নিরাপদে সুপারস্টার সালমানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি দেখার সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত।

‘বাংলাদেশ আমাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। আমাদের লক্ষ্য সবচেয়ে বড় ব্লকবাস্টার এবং সেরা অফার নিয়ে দেশের প্রত্যেক অনলাইন স্ক্রিনে পৌঁছানো যাতে মানুষ এ কনটেন্ট উপভোগ করতে পারে।’

সালমান খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদাসহ আরো অনেককে।

ইত্তেফাক/বিএএফ