ঈদ আনন্দমেলা

বিনোদন রিপোর্ট

 

‘এসো এসো সুন্দরে / এসো সত্যে/ এসো আনন্দে / স্বপ্ন গড়তে/ এসো আঁধার ছড়িয়ে দেওয়া আলোতে/ এসো ভালোর চেয়ে আরো ভালোতে’—এমন গীতিকবিতায় কবির বকুলের কথা ও ইমন চৌধুরীর সুর-সংগীতে এই বৈশ্বিক সংকটকালে এক দারুণ গান বাঁধলেন তারা। এবারের ঈদ আনন্দমেলায় গানটি প্রচার হবে।

ঈদ উপলক্ষে এবার স্টুডিও অনুষ্ঠানের পাশাপাশি ভার্চুয়ালি বেশকিছু অনুষ্ঠানও প্রচার করছে একাধিক চ্যানেল। এর ভেতরে বিটিভিতে ঈদের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান হিসেবে আনন্দমেলায় প্রচার হবে এই তারকাসমৃদ্ধ গান, যেখানে দুই বাংলার শিল্পীরা অংশ নিয়েছেন। শিল্পীরা হলেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিত্, চন্দন সিনহা, রাঘব চট্টোপাধ্যায়, জয় সরকার, ঊষা উত্থুপ। কবির বকুলের লেখা এই গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘ভালো একটি কাজ হয়েছে আমাদের। ঈদ অনুষ্ঠানে সবাই আলাদা চমক চায়, সেই চাহিদার কথা চিন্তা করেই এমন গানের উপস্থাপন।’

উল্লেখ্য, এর আগে একই গানে তারা এভাবে একসঙ্গে কখনোই গান করেননি। একইসঙ্গে দেশীয় মিউজিশিয়ানের পাশাপাশি এই গানে নেদারল্যান্ডের একজন ভায়োলিন বাদক বাজিয়েছেন।

এই অতিমারির সময়ে শিল্পীরা যার যার স্টুডিওতে ভয়েস দিয়ে নিজেদের ভিডিও পাঠিয়েছেন, তা সমন্বিত করেই উপস্থাপন করা হবে এবারে ঈদের এই বিশেষ আয়োজনে।

গানটি প্রসঙ্গে গীতিকবি কবির বকুল বলেন, ‘এই গানটির নাম দিয়েছি সম্প্রীতি ও সাহসের গান। বৈশ্বিক এই সংকটকালে আমাদের নিজেদের প্রার্থনার জায়গাগুলো এক। তাই দুই বাংলার শিল্পীদের এই সমন্বয়। একইসঙ্গে এমন একটি সময়ে এবারের ঈদ। যে সময় প্রতিবেশী দুই দেশ, বাংলাদেশ ও ভারত আক্রান্ত। সেই ভাবনা থেকেই এই সম্প্রীতি আর সাহসের প্রকাশ করার চেষ্টা করেছি।’ গানটি ঈদ আনন্দমেলায় রাত সাড়ে ১০টায় প্রচার হবে।