‘হানিফ সংকেত’-এর ঈদ নাটক ‘সত্-এর সত্য সমাচার’

 

প্রতি ঈদের মতো এবারো বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন ঈদের নাটক। তার এবারের নাটকের নাম ‘সত্-এর সত্য সমাচার’। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ১৫ মিনিটে এটিএন বাংলায়। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই তার নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। স্বাস্থ্যবিধি মেনে পুরো নাটকটিই ধারণ করা হয় মিরপুরে ফাগুন অডিও ভিশনের নিজেস্ব কমপ্লেক্সে। গত ঈদে প্রচারিত নাটক ‘মনের মতিমনের গতি’ প্রচার হওয়ার পর দর্শকদের অনুরোধে হানিফ সংকেত এবার একই পাত্র-পাত্রীদের নিয়ে নাটকটির সিক্যুয়েল তৈরি করেছেন।

নাটকটিতে আমাদের সমাজের এক শ্রেণির অসত্ মানুষের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছিল, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। যাদের মতিগতি বোঝা কঠিন। তবে এক সময় বিবেকের তাড়নায় এবং সত্ সঙ্গের শুভ জ্যোতিতে এদের অনেকে ভালোও হয়ে যান। করোনার এই দুর্যোগে তেমনই একজন চেয়ারম্যান এবং তার উচ্চাভিলাষী স্ত্রী, পাশাপাশি চেয়ারম্যানের সহজ-সরল সত্ চরিত্রের ভাই ও তার স্ত্রীর মাধ্যমে দুই পরিবারের মনের বিচিত্র মতিগতিকে তুলে ধরে গতবছর নির্মাণ করা হয়েছিল নাটক ‘মনের মতি মনের গতি’। এবারের নাটকেও সেই একই চেয়ারম্যান ও তার পরিবারকে স্ব স্ব চরিত্রে দেখা যাবে। গত নাটকের শেষ পরিণতিতে এদের সুপথে এসে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার করতে দেখা গেছে। কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র এমনই যে, লোভ ও লাভের নেশা তাকে ভালো হতে দেয় না। ফলে লিপ্ত হয় নানা অপকর্মে। কিন্তু ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হওয়ার শিক্ষাও পাওয়া যায়। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু, সুভাশিষ ভৌমিক প্রমুখ।

নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল।