কানাডার কয়েকটি প্রদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের সঙ্গে অন্য কোনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মিশ্রণের পরিকল্পনা করা হচ্ছে। তাই ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ এই পদ্ধতিকে গুরুত্ব দিয়ে তারা সামনের দিকে এগুচ্ছেন। খবর সিবিসি নিউজের
কুইবেকের পর অন্টারিওতেও এখন এই পদ্ধতি ব্যবহারের চিন্তা-ভাবনা চলছে। মূলত সেখানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহের অনিশ্চয়তার কারণে এই বিকল্প পন্থার কথা আমলে নিচ্ছেন তারা। ভ্যাকসিনের জন্য কানাডা চুক্তি করেছিল উত্পাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে। যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার কারখানা থেকে কানাডায় ভ্যাকসিন পাঠানোর কথা ছিল। এর মাঝে অবশ্য কানাডীয় সরকারের উদ্যোগে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বেশ কিছু ভ্যাকসিন আনা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কানাডা কবে পাবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে প্রথম ডোজ যাদের অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছিল তাদের দ্বিতীয় ডোজ অন্য কোনো ভ্যাকসিন দেওয়া যায় কি না, তা ভাবছে তারা। ভ্যাকসিনের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ নিয়ে যুক্তরাজ্যে বড় ধরনের গবেষণার ফলাফলের দিকে তাকিয়ে এখন কানাডা।