উদ্দেশ্য দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্কের অবসান
সৌদি আরব সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর থেকে এটিই তার প্রথম সৌদি সফর। খবর আলজাজিরার
এ সফর এমন সময়ে হচ্ছে যখন আল আকসা মসজিদকে কেন্দ্র করে জেরুজালেমে ইসরাইল ও ফিলিস্তিনের মাঝে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। সোমবার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরাইলের হামলায় আহত হয়েছে। আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোড়ে। সৌদির সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটাতেই তার এই সফর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাথে গুরুত্ব পাবে আল আকসা সমস্যা। সফরে গিয়ে চাভুসোওগলু তার টুইটারে লিখেছেন, ‘সৌদিতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আল আকসা মসজিদের হামলা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্যাতন আলোচনায় স্থান পাবে।’ তুর্কি কর্তৃপক্ষ আরো বলছে, চাভুসোওগলুর এই সফরে সৌদির কাছে তুরস্কের ড্রোন বিক্রি নিয়ে আলোচনা হবে।