সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়ায় মঙ্গলবার সকালে পৃথক দুটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নুল প্রামাণিকের ছেলে ইমরান (১৮)। ঘটনার সময় সে মাঠে বেগুন তুলতে গিয়েছিল। অন্য জন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা আফছার আলী মৃধার ছেলে আরিফ (১৫)। আরিফ দশম শ্রেণিতে পড়ত। পড়াশোনার অর্থ জোগাড়ের জন্য সে সাঁথিয়া এসেছিল শ্রমিকের কাজ করতে। ঘটনার সময় সাঁথিয়া উপজেলার করমজা ইউয়িনের আফড়া গ্রামের জাহেদ সরদারের জমিতে বাঙ্গি তুলতে গিয়েছিল আরিফ।
সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিবারকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা হতে ১০ হাজার টাকা আর্থিকসহায়তা দেওয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিকসহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।