সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ঘোড়াচরায় মঙ্গলবার ইটভাটার দেওয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন। নিহত শহিদুল ইসলাম (৫০) সদর উপজেলার ফুলকোচা গ্রামের মজিবর রহমানের ছেলে। সোনালী ইটভাটার মালিক প্রিন্স হোসেন জানান, তার ভাটায় বেলা ১১টার দিকে শ্রমিকরা ইট সরানোর কাজ করছিল। বৃষ্টির কারণে সম্ভবত দেওয়ালটি নরম হওয়ায় ধসে পড়ে। তখন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান ও চার জন আহত হয়। তাদের চিত্কারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।