ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোম ও মঙ্গলবার এসব পৃথক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রংপুর :রংপুরের কাউনিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার ভেলুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিশোরপুর গ্রামের আব্দুর রহিম খন্দকার (৭০) ও তার স্ত্রী উম্মে সালমা (৬০)। কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান সেলিম বলেন, পিকআপ চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম :নগরীর চান্দগাঁও এলাকার কামাল বাজার কবির টাওয়ারের সামনে মঙ্গলবার সকালে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার শ্রমিক। নিহতের নাম মমতাজ বেগম (৫৩)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, তিনি চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর সড়কের রেললাইনের উত্তর পাশের বাদশা মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী।
জীবননগর (চুয়াডাঙ্গা) :জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের জীবননগর উপজেলা হেল্থ কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে ট্রাকচাপায় হেলপার আল আমিনের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা: কানাইঘাটে মঙ্গলবার সকালে ট্রাক্টর উল্টে চাপা পড়ে নাইম আহমদ (৮) ও মাইশা বেগম (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ ঘটনা ঘটে। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, অসাবধানতাবসত ট্রাক্টর উল্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।