বরিশাল নগরীর ইমাম-মুয়াজ্জিনকে অর্থসহায়তা প্রদান

বরিশাল অফিস

বরিশাল নগরীর সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সোমবার বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগদ অর্থ এবং ইফতারীর প্যাকেট তুলে দেওয়া হয়।

এর আগে ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সম্মানীত মানুষ। তাদের জন্য নগরীর ঈদগাহ ময়দানের পেছনে একটি ইমাম ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ৪ হাজার স্কয়ার ফিট আয়তনের পাঁচ তলা বিশিষ্ট এই ইমাম ভবনে একটি হেফজখানা, কনফারেন্স কক্ষ এবং দূর-দূরান্ত থেকে আগত ইমামদের জন্য বিশ্রামাগার থাকছে। কীর্তনখোলা নদীর তীরবর্তী স্থানে এই ইমাম ভবনটি হবে বরিশালের অন্যতম নান্দনিক ভবন। ভবনটির নাম রাখা হচ্ছে ‘মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন’। অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব নূরুর রহমান বেগ প্রমুখ বক্তব্য রাখেন।