চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে তিন দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী ১৩ মে বৃহস্পতিবার থেকে ১৫ মে শনিবার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা চৌধুরী বলেন, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৬ মে রবিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রপ্তানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।