সংবাদ সংক্ষেপ

ক্ষেতমজুর সমিতির ১০ দফা দাবি

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে বর্তমানে করোনা মহামারিকালে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসানের মাধ্যমে দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটির উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা ক্ষেতমজুর সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সম্পাদক রুপন কুমার সরকার প্রমুখ।

ধান ক্রয় অভিযান উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলা খাদ্যগুদামে বোরো ধান ক্রয় অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সদরপুরে জনসচেতনতামূলক সভা

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে মত্স্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পিয়াজখালী বাজারে উপজেলা মত্স্য কর্মকর্তা তাসনিয়া তাসমীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী ও ফরিদপুর জেলা মত্স্য কর্মকর্তা মনিরুল ইসলাম।

তাপমাত্রা নির্ণায়ক সামগ্রী বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মাল স্কানার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে মেশিনগুলো বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা। এ সময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তোফা, এলাকার প্রবীণ স্কুলশিক্ষক লোকমান হোসেন আকন্দ প্রমুখ।

ভিজিএফধারীদের নগদ টাকা প্রদান

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা পৌরসভার ৩ হাজার ৮১ জন উপকারভোগীকে ভিজিএফের আওতায় নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার পৌরসভা মাঠে এর উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। এ সময় ট্যাগ অফিসার উপজেলা মত্স্য কর্মকর্তা শাহিনুর মিয়া, পৌর সচিব শাহাদত্ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আরো ৩০০ জনকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানান পৌর মেয়র।

গণহত্যা বইয়ের মোড়ক উন্মোচন

জয়পুরহাট প্রতিনিধি নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য পাক সেনাদের নির্মম নির্যাতন ও গণহত্যার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে রচিত ‘জয়পুরহাটের গণহত্যা’ বইয়ের উন্মোচন করা হয়েছে মঙ্গলবার সকালে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের উদ্যোগে রচিত বইটি সম্পাদনা বিশেষ ভূমিকা পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।