পূর্বশত্রুতার জের
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহার উপজেলায় পূর্বশত্রুতার জেরে শেখ সেন্টু নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শেখ সেন্টু ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সুন্দরীপাড়া গ্রামের শিকিম আলীর ছেলে।
শেখ সেন্টু জানান, প্রয়োজনীয় কাজে রাত ৮টার দিকে তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে স্থানীয় বখাটে আকতার, সাগর, সানু ও ফরহাদসহ কয়েক জন প্রথমে তাকে পেছন থেকে জাপটে ধরে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। সেন্টুকে স্থানীয় লোকজন উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কর্তব্যরত চিকিত্সক কাজী মো. ওমর ফারুক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১৪/১৫টি আঘাত রয়েছে। ফলে শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনার রাতেই দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।