দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সচ্ছলদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মধ্যে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।  ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ—এ প্রত্যাশা করি।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। আবদুল হামিদ বলেন, ‘এ বছর ঈদুল ফিতর এমন একটি সময়ে উদ্যাপিত হচ্ছে, যখন বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। করোনা মহামারির কারণে জীবন ও জীবিকা দুটিই আজ হুমকির মুখে। এ কঠিন সময়ে আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ্ আমাদের সবাইকে এ মহামারি থেকে রক্ষা করুন, আমিন।’