গাছ কাটার ঘটনার তদন্ত করে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে ------- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ আপাতত কাটা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, গাছ কাটার ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের কোনো অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মোট ১০০টি গাছ কাটার কথা থাকলেও ইতিমধ্যে প্রায় ৫০টি গাছ কাটা হয়েছে। বিষয়টি নিয়ে পরিবেশবিদসহ অন্যান্য সচেতন মহল উদ্বেগ জানিয়েছে। তাই ঈদের পর পরিবেশবিদ, উদ্যানবিদ, নগরবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে সভা করা হবে। তাদের পরামর্শে প্রকল্প বাস্তবায়নে যদি নকশা পরিবর্তনের প্রয়োজন হয় তাও করা হবে। কোনো দুষ্প্রাপ্য গাছ যদি কাটার তালিকায় থেকে থাকে, তা যদি না কাটলে চলে—সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের স্বার্থে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিসংগ্রামের সঙ্গে সম্পর্কিত সোহরাওয়ার্দী উদ্যানের সব ঐতিহাসিক স্থান যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর অন্যান্য উদ্যানের প্রেক্ষাপট ও তাত্পর্য ভিন্ন। অন্যান্য উদ্যান শুধুই একটি উদ্যান। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক তাত্পর্য ও গুরুত্ব রয়েছে। এখানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিক মানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।