ভারতে করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা দলটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তার পরিবার যে সিস্টেম রেখে গেছে সেটার কারণেই ভাইরাসটির বিরুদ্ধে দেশ এখনো লড়াই করে যাচ্ছে। যেখানে এখন পর্যন্ত বিজেপির কোনো অবদান নেই।
সম্প্রতি দলীয় কাগজ ‘সামনা’য় প্রকাশিত এক সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, ভারত এর আগে কঠিন সময় পার করেছে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিংয়ের সুযোগ্য নেতৃত্বে। কিন্তু বর্তমানে ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভুল নীতি প্রণয়ন করেছে। গত ১০ দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সম্পাদকীয়তে আরো অভিযোগ করা হয়েছে, দেশের মানুষের জীবন করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত হলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অন্যতম নমুনা সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালানো। দেশে ভয়াবহ কোভিড পরিস্থিতিতে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সম্পাদকীয়তে আরো অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পথে দেশ পরিচালনা করছেন, এর জেরে দরিদ্র দেশগুলোর কাছেও এখন সহায়তা চাইতে হচ্ছে ভারতকে। মোদির আত্মনির্ভর ভারতের শ্লোগানকেও কটাক্ষ করা হয়েছে।