দেশ এগিয়ে নিতে করোনা, দুর্নীতি, জঙ্গিবাদকে নির্মূল করতে হবে ---------হাসানুল হক ইনু

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ—এই তিন ভাইরাসে দেশ আজ জর্জরিত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবহন শ্রমিকদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা জীবন ও জীবিকার সংকট তৈরি করেছে। প্রধানমন্ত্রীর রাতদিন কষ্ট করা উন্নয়ন ও সাফল্য ইঁদুর-উইপোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলছে দুর্নীতি। আর রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করছে জঙ্গিবাদ। এই তিন ভাইরাসকে সঙ্গে নিয়ে দেশ এগুতে পারবে না। দেশকে সামনে এগুতে হলে করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ—এই তিন ভাইরাসকে নির্মূল করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, তৃতীয় ঢেউ মোকাবিলা করে জনগণের জীবন রক্ষায় যা করা দরকার তাই করতে হবে।

তিনি খালেদা জিয়ার বিদেশ যাবার বিষয় নিয়ে বলেন, শেখ হাসিনা কখনই খালেদা জিয়া বা কারো প্রতি অমানবিক না। বরং শেখ হাসিনা ১৫ আগস্ট, ২১ আগস্টের কথা ভুলে তার সাংবিধানিক, আইনগত ক্ষমতা, এখতিয়ারের মধ্যে খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ মানবিকতা দেখিয়ে চলেছেন।

ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ ও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনসার আলী, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি প্রমুখ।