দুর্গম পার্বত্য সীমান্তে ঈদ উদযাপন করলেন বিজিবি মহাপরিচালক

চট্টগ্রাম রিজিয়নের কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত ‘দুমদুমিয়া সিআইও ক্যাম্প’ এবং রাজনগর ব্যাটালিয়নের অধীনস্থ ‘বদিপাড়া বিওপি’তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

করোনা মহামারির এই কঠিন সময়ে নিজ পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ ত্যাগ করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করার জন্য বিজিবি মহাপরিচালক ঈদের দিনে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত সকল বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং গাছের চারা রোপন করেন। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতার মাঝেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের অভিনন্দন জানান। একইসঙ্গে তাদেরকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি