ইত্তেফাক রিপোর্ট
সার্ভার ত্রুটির পর এবার বৈদ্যুতিক লাইনের সমস্যার কারণে অগ্রণী ব্যাংকের প্রধান শাখাসহ অন্যান্য জায়গায় লেনদেন কার্যক্রম বিঘ্নিত হয়েছে। অবশ্য শেষ পর্যন্ত গতকালই বিষয়টি সমাধান হয়েছে। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল ইসলাম বলেন, বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়েছিল। ভোর ৩টা থেকে বিদ্যুত্ ছিল না। আমরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সঙ্গে যোগাযোগ ও বিশেষ ব্যবস্থায় সমস্যার সমাধান করেছি। বৈদ্যুতিক ক্যাবল কাটা পড়ায় এ সমস্যা হয়েছিল। জানা যায়, গতকাল অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম জেনারেটর দিয়ে কার্যকর করা হলেও কিছু সময় পরে তা আবার বন্ধ হয়ে যায়। এতে সমস্যা দেখা দেয়। ফলে গ্রাহকদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তারাও ভোগান্তিতে পড়েন। এর আগে সার্ভার ত্রুটির কারণে কার্যক্রম বিঘ্নিত হয়েছিল।