ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে প্রায় এক মাস যাবত্ অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীসংলগ্ন বেড়িবাঁধ ধসে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। হুমকিতে পড়বে দুই পাড়ের মত্স্য ঘের, বসতভিটাসহ বিস্তীর্ণ এলাকা। কৃষক ও মত্স্যচাষিদের মধ্যে শাহাজান ব্যাপারী, শফিকুল ইসলাম পাটওয়ারী, রিপন, মিজানুর রহমান, মেসবাউদ্দিন, হারুনুর রশিদ, মনু খাঁ, দুলাল, রুবেলসহ অনেকেই অভিযোগ করে জানান, জরুরিভাবে ড্রেজার বন্ধ না করলে বেড়িবাঁধে ধস নামবে। এতে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে ধান ও মাছ চাষ করা সম্ভব হবে না। তারা বলেন, আমাদের একমাত্র অবলম্বন চরের ধান ও মাছ চাষ করা। আমরা শতশত কৃষক নিরুপায় হয়ে পড়েছি। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতিতে পড়ব।
সরজমিনে দেখা যায়, উপজেলার ভাটিয়ালপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার লোকজন জানায়, গত এক মাস যাবত্ চলছে বালু উত্তোলন। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো. টিটু বলেন, অবৈধভাবে চলা এই ড্রেজার বন্ধের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার ক্ষোভ প্রকাশ করে জানান, ভাটিয়ালপুর এলাকায় ডাকাতিয়া নদীতে ড্রেজার বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাকাতিয়া নদীতে চলা ড্রেজারের বিরুদ্ধে দুই/এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।