সুজানগর (পাবনা) সংবাদদাতা
সামান্য বৃষ্টিতেই সুজানগর পৌর শহরের প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারণ। ব্যবসায়ী এমদাদ হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগের ঐ সড়কের বিভিন্ন জায়গা থেকে ইট-শুরকি উঠে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই ঐ খানাখন্দে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের বাসিন্দা তুফান খান বলেন, জলাবদ্ধতার কারণে অনেক সময় শহরের ভ্যান ও ইজিবাইক দুর্ঘটনায় পতিত হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নেওয়া হবে।