স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রুমা (১৭) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃতের বান্ধবী টুম্পাকে আটক করেছে পুলিশ। রুমা কুমিল্লার দেবীদ্বার থানার গণেশপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে। তিনি মায়ের সঙ্গে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর নয়াআটি এলাকায় আমির পাগলার বাড়িতে ভাড়া থাকতেন। নিহত রুমার মায়ের দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার বান্ধবী টুম্পাকে আটক করা হয়েছে।