ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ১৪টি কমিউনিটি সেন্টার রয়েছে। করোনার যে কোনো পরিস্থিতিতে সরকার যদি এগুলোকে হাসপাতাল বানিয়ে চিকিত্সাসেবায় ব্যবহার করতে চায় তাহলে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। গত শুক্রবার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, টঙ্গী ডাইভারশন রোডের পাশে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় তিনি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে ডিএনসিসি মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানান।