পাঁচ দিনে ১৪৪ মৃত্যু শনাক্ত ৩৯০২

সংক্রমণের রাশ টানতে বিধিনিষেধের মধ্যে দেশে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৩৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২১ সালের ১৯তম অ্যাপিডেমিওলজিক্যাল সপ্তাহ হিসাব করা হয়েছে ৯ থেকে ১৫ মে পর্যন্ত। এই সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৬ জন মারা গেছে। আগের সপ্তাহে ৩৬৮ জন মারা গিয়েছিল। এদিকে দেশে করোনা ভাইরাসে ঈদের ছুটিসহ গত পাঁচ দিনে মৃত্যু হয়েছে ১৪৪ জনের, একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯০২ জন।

ঈদের ছুটির প্রথম দুই দিনে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় শনিবার শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ২২ জনের। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গত বছরের ১৪ এপ্রিল। সেদিন ২০৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর সর্বশেষ ২৩ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল; সেদিন মোট ১৮ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছিল সরকারের তরফ থেকে।

মার্চ থেকে দেশে সংক্রমণ আবার দ্রুত বাড়তে শুরু করে এবং এপ্রিলে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এপ্রিল মাস জুড়ে শনাক্ত এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড হয়েছে। এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৩৭ জন। এ সময় ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এই দুটিই বাংলাদেশে এক মাসে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। গত বছর দুই ঈদের দিনও নমুনা পরীক্ষা তার আগের কয়েক দিনের তুলনায় অনেক কমে গিয়েছিল। আর তাতে ঈদের পরের দিন শনাক্ত রোগীর সংখ্যা কমে গিয়েছিল অনেকটা। তবে তখনো এতটা কমেনি, এবার রোজার ঈদের পরদিন যেটা দেখা গেল।