ইসরাইল-ফিলিস্তিন ইস্যু দলের মধ্যে তোপের মুখে জো বাইডেন

ফিলিস্তিনে গত সাত দিন ধরে ইসরাইলের আগ্রাসন চলছে। ইসরাইলের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের হামলাকে তাদের ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের এই অধিকারের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলে রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত শনিবার তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের পর এ কথা জানান। প্রেসিডেন্ট বাইডেনের এই অবস্থান তার দল ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্ষোভের ও বিভক্তির তৈরি করেছে। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, বেশ কয়েক জন ডেমোক্র্যাট নেতা প্রেসিডেন্ট জো বাইডেনের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা ইসরাইলের ওপর আরো চাপ তৈরিতে কাজ করতে আহ্বান জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা সামাজিক ও জাতিগত ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে স্বাগত জানিয়েছে। উদারপন্থি ডেমোক্র্যাটরা চান অভ্যন্তরীণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পররাষ্ট্রনীতিতেও ন্যায়বিচারের বিষয়টিকে গুরুত্ব দেবে বাইডেন প্রশাসন।  

দলের উদারপন্থিরা মানবাধিকারকে অবজ্ঞা করে ইসরাইলের পক্ষে হোয়াইট হাউজের অবস্থান নেওয়ার সমালোচনা করছেন। পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ নিয়ে ইসরাইলের বিপক্ষে সরাসরি অবস্থান না নেওয়ার জন্যও তারা বাইডেনের সমালোচনা করছেন।

ইসরাইলের নিজেকে আত্মরক্ষার অধিকার রয়েছে বুধবার বাইডেন একথা বলার পর মার্কিন প্রতিনিধি পরিষদের উদারপন্থিরা ব্যাপক সমালোচনা করেন। নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করটেজ বৃহস্পতিবার বলেন, তাহলে কি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার নেই? তিনি এক টুইট বার্তায় বলেন, যদি বাইডেন প্রশাসন একটি মিত্রের বিপক্ষে সাহস নিয়ে দাঁড়াতে না পারে তবে কে পারবে? তাহলে কীভাবে দাবি করবেন যে আপনারা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন?

মিশিগানের কংগ্রেসম্যান রশিদা তালিব, ইসরাইল গণমাধ্যমকে টার্গেট করছে কিন্তু বিশ্ব তাদের যুদ্ধাপরাধ দেখতে পারছে না। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে ডেমোক্র্যাট নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেছেন, যুক্তরাষ্ট্রের উচিত অনতিবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো। তারা নেতানিয়াহু সরকারের আত্মপক্ষ সমর্থনকারী হতে পারে না। রবিবার হোয়াইট হাউজের এক ভার্চুয়াল ঈদ উদ্যাপন অনুষ্ঠান বয়কট করেছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মুসলিম মানবাধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস।