পশ্চিমবঙ্গে দিনে কঠোর ‘বিধিনিষেধ’, রাতে কারফিউ

ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার একদিনেই রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। মৃত্যু ও আক্রান্তের এই হার ভারতের জাতীয় গড়ের চেয়ে বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে গতকাল রবিবার সকাল থেকে ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশনায় ট্রেনের পাশাপাশি বাস, ট্রাম, ট্যাক্সি-সহ সব রকম গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাজার খোলা থাকবে সকালে মাত্র তিন ঘণ্টা। জরুরি প্রয়োজন ছাড়া লোক জনের রাস্তায় বের হওয়া নিষেধ। রাতে জারি হয়েছে কারফিউ।

এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা কমে দৈনিক ৩ লাখ ১১ হাজারের কাছাকাছি হয়েছে। তবে মৃত্যু বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার মৃত্যু হয় ৪ হাজার ৭৭ জনের।                পশ্চিমবঙ্গে আক্রান্ত ও মৃত্যু দুই-ই ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে গত শনিবার মারা গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজো ভাই অসীম ব্যানার্জি।

জানা গেছে, পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন করোনা আক্রান্ত রোগীতে ঠাসা। বেশ কিছু জায়গায় দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। রাজ্য সরকার বলেছে, রাস্তায় লোক বের হওয়া বন্ধ না হলে করোনা আক্রান্ত হওয়ার শৃঙ্খল ভাঙা যাচ্ছে না। তাই বাধ্য হয়েই লকডাউনের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, রবিবার থেকে পশ্চিমবঙ্গে সব মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে মদপানকারীরা শনিবার ঝাঁপিয়ে পড়েন মদ সংগ্রহ করতে। গত বছর লকডাউনে দেড় মাস মদ পাওয়া যায়নি। সেই অভিজ্ঞতা থেকেই তারা মদের দোকানগুলোতে ভিড় করেন।