হাসপাতালের সিসিইউতে নিঃসঙ্গ ঈদ কাটল খালেদা জিয়ার

ঈদুল ফিতরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ কেটেছে নিঃসঙ্গভাবে।

খালেদা জিয়া সিসিইউতে চিকিত্সা-ধীন থাকায় চিকিত্সকরা হাসপাতালে কাউকে না আসার অনুরোধ জানান। ফলে ঈদের দিন বিকাল ৫টা পর্যন্ত তার নিকট স্বজনরাও কেউ আসেননি। তবে এরপর খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার এভারকেয়ার হাসপাতালে আসেন খাবার নিয়ে, কিছুক্ষণ থেকে তারা চলে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঈদে খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা হয়নি। কারণ ডাক্তারদের বারণ আছে। রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল থেকে চিকিত্সাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার  করোনা-উত্তর চিকিত্সা চলছে।

‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’:এদিকে ধীরে ধীরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, অবস্থা উন্নতি হলেও চিকিত্সকরা এখনো অবস্থা সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন। তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং ডাক্তাররা খুব আশাবাদী যে তিনি শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপির এক সূত্র জানায়, খালেদা জিয়া যে অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চেয়ে এখন ভালো আছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিত্সক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার অবস্থা স্থিতিশীল। আগের থেকে অনেকটা ভালো। তবে পোস্ট কোভিড সময়টা যে কারো জন্য ঝুঁকিপূর্ণ। তাই আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে।  বেগম জিয়ার এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে না জানিয়ে তিনি বলেন, তিনি এখনো সিসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের রোগ রয়েছে।