ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা এক চিঠিতে তিনি এই সংকটময় পরিস্থিতিতে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বুধবার ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কাছে চিঠিটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং বেসামরিক জনগণকে দখলকৃত এলাকায় স্থানান্তরের মাধ্যমে ইসরাইলি বাহিনীর মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের চরম প্রকাশ; যা সারা বিশ্বের মানুষের অনুভূতিকে প্রবলভাবে নাড়া দিয়েছে। ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর যে কোনো স্থানে এমন ঘটনার ইতি টানতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালে নির্ধারিত সীমা অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার ঐ ভূখণ্ডের জনগণের আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এ ওয়াই রমাদান এই চিঠির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনে ঘরে ঘরে শেখ হাসিনা একটি সুপরিচিত নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফিলিস্তিনি জনগণের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
এদিকে ফিলিস্তিন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে ফিলিস্তিন ইস্যুর একটি সমন্বিত এবং স্থায়ী সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। গতকাল রবিবার ওআইসির নির্বাহী কমিটির ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা বলেন।