রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্তানের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম শাহিন উদ্দিন (৩৪)। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা। তার সাত বছরের সন্তানের নাম মাশরাফি। গতকাল রবিবার বিকালে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকের একটি বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় শাহিন উদ্দিনের সঙ্গে ছিল মাশরাফি। তার সামনেই তার বাবাকে হত্যা করা হয়েছে বলে সে জানিয়েছে। এদিকে লাশ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডে জড়িতদের কাউকেই গ্রেফতার করা হয়নি। কিন্তু এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।