খ্যাতিমান সাংবাদিক, কবি-সাহিত্যিক ও ডেইলি অবজারভারের যুগ্ম-বার্তা সম্পাদক খোন্দকার ফজলুর রহমান ফিউরি (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসনালির ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে অসংখ্য সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শনিবার রাতে তাকে দাফন করা হয়। খোন্দকার ফজলুর রহমান ফিউরির মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সত্তরের দশকে দি বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা শুরু করেন তিনি। কয়েক বছর ধরে ডেইলি অবজারভারে কাজ করছিলেন। কিছুদিন বার্তা সংস্থা ইউএনবিতেও কাজ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য প্রকাশনাগুলো হলো— সমকালীন প্রেমের গল্প (সম্পাদনা), সত্তর দশকের প্রায় ২০০ ছোটগল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য রচনা।