নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে একটি দোকান ঘরের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন :আসাদ আলী পক্ষের আনিছ মোল্লা, সাদেক মোল্লা, আমির মোল্লা, মো. হিমেল ও মো. তপন; আইয়ুব আলী পক্ষের আমির হোসেন, মনির মিয়া, মো. আসাদ ও সজল মিয়া। গুলিবিদ্ধদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আসাদ আলী ও আইয়ুব আলীর বিরোধ দীর্ঘদিনের। গত এক সপ্তাহ আগে স্থানীয় বাজারের একটি দোকানের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গত এক সপ্তাহ ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সদর হাসপাতালের চিকিত্সক রোজী সরকার জানান, গুলিবিদ্ধ দুজনকে আমরা চিকিত্সা দিয়েছি। তাদের এক জনের শরীরে পাঁচটি ছিটাগুলি ও একটি বুলেট পাওয়া গেছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।