অতিথি আপ্যায়নে বা বিকেলে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনই আপনাকে নাস্তা বানাতে হয়। কিন্তু একই নাস্তা তো সব সময় খেতে ভালো লাগে না। তাই নাস্তার স্বাদে ভিন্নতা আনা প্রয়োজন। ভিন্ন স্বাদের নাস্তার দুই পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন
স্পাইসি চিকেন ফ্রাই
উপকরণ :চিকেন ৮ পিস, অনিয়ন পাউডার ১ চা চামচ, রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া দেড় চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, সিরকা ২ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, চিনি সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ময়দা দেড় কাপ, বেকিং পাউডার আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি :মুরগির মাংসের পিস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ময়দা ও তেল বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ময়দা মাখিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
ভারমিচিলি চিকেন নাগেটস
উপকরণ :মুরগির বুকের মাংস ১ পিস (কিউবকাট ৩/৪টি), সেমাই পরিমাণমতো, ডিম ১টি, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচের কম, ওয়েস্টার সস আধা চা চামচ, চিলি সস আধা চা চামচ, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি :ডিম, তেল ও সেমাই বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৩০ মিনিট মেরিনেট করুন। ডিমে লবণ দিয়ে ফেটুন। মেরিনেট করা চিকেন ডিমে ডুবিয়ে সেমাইয়ে গড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। গরম গরম পরিবেশন।