খসড়া প্রস্তাব উত্থাপন হতে পারে আজ
এএফপি ও রয়টার্স
মিয়ানমারের জান্তা সরকারকে অস্ত্র সরবরাহে তাত্ক্ষণিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানের খসড়া প্রস্তাব মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ উত্থাপনের কথা রয়েছে। সংস্থাটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জাতিসংঘের সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের মতো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। তবে এর শক্তিশালী রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যদি ঐকমত্যের মাধ্যমে অনুমোদনে পৌঁছানো না যায়, তাহলে সম্পূর্ণ সাধারণ পরিষদ, যেখানে ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে, তারা এই পদক্ষেপের পক্ষে ভোট দেবে। এই নিষেধাজ্ঞার আহ্বানের সূচনা করে লিশটেনস্টাইন। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এই সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর এই খসড়াটি এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াসহ ৪৮টি দেশ উত্থাপন করেছে। এই খসড়া প্রস্তাবে ‘পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অস্ত্র, গোলা এবং অন্যান্য সামরিক উপকরণ সরবরাহ, বিক্রি বা স্থানান্তর নিষিদ্ধের’ জন্য আহ্বান করা হবে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ‘এই বৈঠক সামনাসামনি উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।’
এই প্রস্তাবে মিয়ানমারে ‘জরুরি অবস্থার অবসান’ এবং ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধের’ আহ্বানও জানানো হবে। এছাড়া ‘প্রেসিডেন্ট উইন মিন্ট, স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ যাদের নির্বিচারে আটক, মামলা ও গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির’ আহ্বান জানানো হবে। এছাড়া জাতিসংঘের প্রতিনিধিদের মিয়ানমারে সফর করতে এবং নিরাপদ ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রদানের অনুমতির আহ্বানের জন্য খসড়ায় প্রস্তাব করা হবে। উল্লেখ্য, বেশ কয়েকটি বেসরকারি সংস্থা অনেক দিন থেকেই মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়ে আসছে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে মিয়ানমারের উদ্দেশে চার বার বিবৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রতিবারই কার্যত চীনের কারণে তা আলোর মুখ দেখতে পায়নি।