প্রতিবন্ধী কিশোরকে বলাত্কারের চেষ্টা বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় প্রতিবন্ধী এক কিশোরকে বলাত্কারের চেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ফতুল্লার কোতালেরবাগস্থ জনি টেক্সটাইল মিলের ভেতরে। পরে পুলিশ সংবাদ পেয়ে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরের মামা বাদী হয়ে বলাত্কার চেষ্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত মহিনুর ইসলামকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মহিনুর কোতালেরবাগস্থ জনি প্রিন্ট ডাইং অ্যান্ড প্রসেসিং টেক্সটাইল মিলের নিরাপত্তারক্ষী। তার বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও গ্রামে।

জানা যায়, প্রতিবন্ধী কিশোর বিকালে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে কিশোরটি মিলের গেটের সামনে এলে মহিনুর তাকে ডেকে কারখানার দোতলায় নিয়ে বলাত্কারের চেষ্টা করে। এ সময় কিশোরের চিত্কারে ঐ বৃদ্ধ তাকে ছেড়ে দেয়। পরে কিশোরটি দৌড়ে কারখানার বাইরে চলে আসে। সে বাসায় গিয়ে বিষয়টি খুলে বললে তার স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে।