ইত্তেফাক রিপোর্ট
করোনাকালে সরকারি কেনাকাটায় আরও মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, দেশের চলমান করোনা ভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সকল মন্ত্রণালয়/ বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হল। এ ছাড়া সরকারি কেনাকাটার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় পরিপত্রে।