গোদাগাড়ীতে মাদকসহ আটক ২

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীর পৃথক স্থান থেকে এক কেজি হেরোইন ও ১২৫ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। সোমবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রবিবার রাতে গোদাগাড়ীর হরিশংকরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১২৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ রাব্বি খান (২৭) নামে এক জনকে আটক করা হয়। একই ক্যাম্পের আরেকটি দল রাতে উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ আবু রায়হান কবির (২৪) নামে অন্য এক জনকে আটক করে। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।