ইত্তেফাক রিপোর্ট
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহে আগামী ২৩ মে পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ঢাকায় একটি এবং ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে। দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রদত্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে জরুরি আর্থিক সেবা প্রদানে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকের হিসাবে মেয়াদ পূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, কিস্তি জমাগ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা হতে বিকাল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।