হকি ফেডারেশন সভাপতির উদ্যোগ প্রশংসনীয়

হকি ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত দারুণ একটি কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে নানা আলোচনায় হকির কথা তুলে ধরে ছিলেন তিনি। অর্থ সহযোগিতা লাগবে এটা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছিলেন এবং ঈদের আগে একটি চেক পেয়েছে হকি ফেডারেশন। ১ কোটি টাকার চেক হাতে এসেছে বলে জানালেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বললেন, ‘করোনার কারণে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অর্থের কথা বলেছিল। প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ থেকে ক্লাবগুলোকে সহযোগিতা দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা আগে কথা বলি। কবে দলবদল, লিগ হবে তার পর ১২ ক্লাবকে টাকা দেওয়ার বিষয়টা নিয়ে কথা হবে।’

প্রিমিয়ার হকি লিগ হয় না সেই ২০১৮ সালের পর থেকে। এর মধ্যে করোনায় দুনিয়া জুড়ে খেলা হলেও আটকে আছে প্রিমিয়ার হকি লিগ। লিগ না হওয়ার কারণে অলস বসে থেকে কয়েক শত হকি খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট হওয়ার পথে।