ঈদের আনন্দ শেষে কাজেকর্মে সরব হয়েছে গোটা দেশের মানুষ। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররাও অনুশীলনে নেমে পড়েছেন। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলামরা। ঐচ্ছিক অনুশীলনের পর্ব শেষে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য আজ থেকে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হচ্ছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ বিকেলে দলগত অনুশীলনে নামবে টাইগাররা।
তবে হোম সিরিজের আগে টাইগার শিবিরে কোচিং স্টাফদের বহর পূর্ণাঙ্গ নয়। বোলিং কোচ ওটিস গিবসন ছুটিতে রয়েছেন। ইংল্যান্ড থেকে ফিরবেন না সিরিজের আগে। ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় নতুন স্পিন কোচও নিয়োগ দেয়নি বিসিবি। সর্বশেষ লঙ্কা সফরে স্পিন কোচের দায়িত্বে ছিলেন দেশীয় কোচ সোহেল ইসলাম। এবার হোম সিরিজে তাকেও পাওয়া যাচ্ছে না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন বিসিবির এই কোচ।
গিবসন, সোহেল ইসলামের জায়গায় হোম সিরিজে কাজ করবেন দুই দেশীয় কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়ের। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘আমরা বাবুল, তালহা জুবায়েরকে দায়িত্ব দিচ্ছি। ওরা জাতীয় দলের সঙ্গে কাজ করবে।’
ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত কোচ বাবুল। বিসিবির সিনিয়র এই কোচের অধীনে কয়েক মাস আগে বঙ্গবন্ধু টি-২০ কাপ জিতেছিল খুলনা। সাবেক পেসার তালহাও কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে কাজ করছেন। সর্বশেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন তালহা। এবার লঙ্কা সিরিজে টাইগারদের ড্রেসিংরুমে দেখা যাবে তাদের।
ভারত থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্রুত অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। তবে আজই তারা অনুশীলনে নামতে পারবেন কি না, তা জানা যায়নি। আকরাম খানও সাকিব-মুস্তাফিজের অনুশীলনে নামার দিনক্ষণ জানাতে পারেননি গতকাল। এদিকে গতকাল অনুশীলনের আগে প্রথম দফা করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন প্রাথমিক দলের সব ক্রিকেটার। গতকাল দ্বিতীয় দফা করোনার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। রাতেই সেই পরীক্ষার রিপোর্ট পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই আজ অনুশীলনে নামার অনুমতি পাবেন তামিম-মুশফিকরা। আজ বিকেলে টিম হোটেলে উঠে যাবে বাংলাদেশ দল।