বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেন-টেক লিমিটেড। গতকাল দরপত্র উন্মুক্ত করা হয়েছিল বিসিবি কার্যালয়ে। যেখানে দরপত্র জমা দিয়েছিল শুধু বেন-টেক। একমাত্র কোম্পানি হওয়ায় তারাই পায় সম্প্রচার স্বত্ব। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, বিডিং আজ (গতকাল) শেষ হলো। একমাত্র কোম্পানি ছিল বেন-টেক লিমিটেড। তারাই স্বত্ব পেয়েছে। একমাত্র কোম্পানি হলেও তাদেরকে ন্যূনতম ফ্লোর প্রাইস দিতে হবে বিসিবিকে।
সম্প্রচার স্বত্ব পেয়ে এখন তা টিভি চ্যানেলের কাছে বিক্রি করবে বেন-টেক। আজই হয়তো জানা যাবে কোন টিভিতে সম্প্রচার হবে সিরিজটি। এর আগে বঙ্গবন্ধু টি-২০ কাপের সম্প্রচার স্বত্বও বেন-টেকই কিনেছিল শুরুতে। এদিকে সম্প্রচারে কাজ করবেন এমন ক্রুরা গত শনিবার ঢাকায় এসে গেছেন। এখন কোয়ারেন্টাইনে আছেন তারা। সার্বিকভাবে সিরিজের সম্প্রচার নিয়ে সৃষ্ট জটিলতা এখন নিরসন হলো বলাই যায়।