খুলনায় কোয়ারেন্টাইনে তরুণীকে ধর্ষণের অভিযোগে এএসআই সাসপেন্ড

খুলনায় ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নি.) মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দুপুরে ধর্ষণের শিকার ঐ তরুণী খুলনা থানায় এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাঙ্গীর আলম জানান, গত ১৩ মে  রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মহিলা হোস্টেলে ভারতফেরত বাংলাদেশি নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে অবস্থানরতদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। ডিউটিতে থাকাকালীন উক্ত এএসআই কোয়ারেন্টাইনে অবস্থানরত এক যুবতীর কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন রাতে সে আবারও ঐ যুবতীর কক্ষে প্রবেশ করে তাকে পুনরায় জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ঐ তরুণী চিত্কার করলে এএসআই মোখলেছুর দ্রুত নিচে নেমে যায়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে।

তিনি জানান, এএসআই মোখলেছুর রহমানকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত তরুণী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিত্সাধীন রয়েছেন।