শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় প্রধান আসামি স্পিডবোটের চালক শাহ আলমকে গ্রেফতার করেছে নৌপুলিশ। গত রবিবার (১৬ মে) বিকেলে ঢাকা মেডিক্যালে চিকিত্সা শেষে ছাড়পত্র নেওয়ার পর রাতে নৌপুলিশ তাকে গ্রেফতার করে শিবচর থানায় সোপর্দ করেছে।
নৌপুলিশ ফাঁড়ি সূত্র আরো জানিয়েছে, স্পিডবোট দুর্ঘটনার পর গুরুতর আহত হন চালক শাহআলম। ডোপটেস্টের মাধ্যমে তার মাদক গ্রহণের বিষয়টি স্পষ্ট হলে দুর্ঘটনার পেছনে মাদকাসক্ততার সম্পৃক্ততা মেলে। ঐ সময় গুরুতর আহত চালককে উন্নত চিকিত্সার জন্য প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিত্সা শেষে সুস্থ হলে গত রবিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিত্সক। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, শাহ আলমকে মূলত ঘটনার পরই গ্রেফতার করা হয়। তবে গুরুতর আহত থাকায় তার চিকিত্সা করানো হয়। সুস্থ হয়ে উঠলে তাকে রবিবার রাতে ঢাকা থেকে এনে শিবচর থানায় সোপর্দ করা হয়।
গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা ২৬ জনের মৃত্যু হয়।