হাতিয়ায় ৫ কিশোরকে বেঁধে লাঠিপেটার ভিডিও ভাইরাল, আটক ৪

জাল চুরির অভিযোগে উপজেলার চরকিং ইউনিয়নে পাঁচ কিশোর জেলেকে এক রশিতে বেঁধে লাঠিপেটা করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রবিবার দক্ষিণ সুল্লকিয়া গ্রামের জেলেপাড়ায় এক সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। মোবাইল ফোনে ধারণকৃত লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে পুলিশ ভিডিও দেখে লাঠিপেটায় অভিযুক্ত চার জনকে আটক করেছে।

নির্যাতনের শিকার ঐ পাঁচ কিশোর হলো—সহদেব জলদাস (১৬), শ্যামল জলদাস (১৬), শিশুপদ জলদাস (১৭), রতন জলদাস (১৫) ও কিরণ জলদাস (১৭)। ভাইরাল হওয়া ১ মিনিট ১১ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, স্থানীয় কিছু নারী-পুরুষের সামনে কিশোরদের লাঠিপেটা করছেন গ্রামপুলিশ আমির হোসেন। ঐ সময় পাঁচ কিশোর ও তাদের পরিবারের নারী সদস্যরা চিত্কার করছেন।

 ভুক্তভোগী কিশোর শিশুপদ জলদাসের বাবা হরিপদ জলদাস বাদী হয়ে হাতিয়া থানায় গ্রামপুলিশসহ ছয় জন সালিশদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ঘটনায় হাতিয়া থানার পুলিশ চার জনকে আটক করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, গ্রাম্য সালিশে গ্রামপুলিশ আমির হোসেনকে খবর দিয়ে নিয়ে ১ হাজার টাকা দিয়ে সালিশদারেরা পাঁচ কিশোরকে লাঠিপেটা করার আদেশ দেয়। চার সালিশদারকে আটক করা হয়েছে।