কাশিয়ানিতে দিনের বেলায় প্রকাশ্যে মো. শরিফুল ইসলাম হেলাল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেষপুর ইউনিয়নের হিরোণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রাম্য প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ঐ গ্রামে দুইটি দলের সৃষ্টি হয়। একটি দলে স্থানীয় বাসিন্দা মো. জাহিদ তালুকদার নেতৃত্ব দেন। অন্য দলের নেতৃত্বে ছিলেন শরিফুল ইসলাম হেলাল। গতকাল জাহিদ তালুকদারের লোকজন হেলালকে ঐ গ্রামে একটি বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সক মাসরুরা নাসরিন জানান, ‘চিকিত্সাধীন অবস্থায় হেলাল মারা গেছেন।’ হেলালের বাবার নাম মো. ফেরদৌস আলম। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য অভিযানে নেমেছে পুলিশ। গতকাল বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।