হাতিয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল কৃষ্ণ দাস (৫৫) কে পিটিয়ে হত্যার অভিযোগে শান্ত মজুমদার (২০) নামে এক জনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, রবিবার বিকাল ৪টায় হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারের পশ্চিম পার্শ্বে পাওনা টাকা নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে শান্ত মজুমদার স্কুল শিক্ষক কাজল কৃষ্ণ দাসকে মারধর করেছে। পরে স্থানীয় লোকজন আহত কাজল কৃষ্ণ দাসকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিন রাতে কাজল কৃষ্ণ দাস চিকিত্সাধীন অবস্থায় হাতিয়া হাসপাতালে মারা যান। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে হাতিয়া থানায় অভিযোগ করলে পুলিশ শান্ত মজুমদারকে আটক করে। নিহত কাজল কৃষ্ণ দাস সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামের অধিবাসী। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।