কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরার পর করোনা শনাক্ত ভারতফেরত দম্পতির

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে হোটেল থেকে বাড়ি ফিরে করোনা শনাক্ত হলো যশোরের এক দম্পতির। গতকাল সোমবার ভারতফেরত ঐ দম্পতির আরটিপিসিআর টেস্টের ফলাফলে করোনা পজিটিভ রেজাল্ট আসে। করোনা শনাক্ত হওয়া ঐ দম্পতি হলেন যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা রাজিব সাহা (৩৪) ও তার স্ত্রী সুস্মিতা সাহা (২২)। তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। এ দম্পতি ভারত থেকে ফেরার পর যশোর শহরের ম্যাগপাই হোটেলে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

ম্যাগপাই হোটেলের কর্মকর্তা রাজু বিশ্বাস সাংবাদিকদের জানান, রাজিব সাহা ও সুস্মিতা সাহা ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২৯ এপ্রিল বাংলাদেশে প্রবেশ করেন। ঐদিনই জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের হোটেলে কোয়ারেন্টাইনে পাঠান। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা ১৩ মে ছাড়পত্র পেয়ে বাড়িতে চলে যান। সোমবার প্রশাসনের লোকদের কাছে জানতে পেরেছেন তাদের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, পূর্বে সরকারের সিদ্ধান্ত ছিল ভারতফেরতদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। সে মোতাবেক ১৪ দিন শেষে রাজিব সাহা ও সুস্মিতা সাহা ১৩ মে ছাড়পত্র পান। তাদের কোনো পরীক্ষা করানো হয়নি। বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তারা নিজেরাই পরীক্ষা করান এবং তাতে করোনা শনাক্ত হয়। তিনি আরো জানান, সরকারের নতুন সিদ্ধান্ত ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করলেও ১৫তম দিনে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং ফলাফল নেগেটিভ সাপেক্ষে ছাড়পত্র পাবেন কোয়ারেন্টাইনে অবস্থানরতরা। গত ১৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ভারতফেরত আরেক রোগীর মৃত্যু

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। যশোরের বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন শরীয়তপুরের পালং উপজেলার রুদ্রকর গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র দে (৬০) চিকিত্সাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যান।