দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে আটকে পড়া ১১ বাংলাদেশি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিশেষ ব্যবস্থায় তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। ফিরে আসাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর পাহাড়তলীর ছকিনা বেগম, উত্তর কাটলী গ্রামের শফিকুল ইসলাম, রানবাজারের জিয়া উদ্দীন, পাটখালী গ্রামের জহির উদ্দীন, সাব্বির আহমেদ, ইউনুস আলী, মুক্তা বেগম, কৃষ্ণ কুমার, নওগাঁ সদরের শাহজাহান আলী ও তানিয়া বেগমসহ ১১ জন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতে আটকে পড়াদের মধ্যে সোমবার প্রথমবারের মতো ১১ জন দেশে ফিরেছে। এর আগে তারা ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে। পরে নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে। দর্শনা চেকপোস্টে সব আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ব্যবস্থায় তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই আব্দুল আলীম জানান, সোমবার ফেরত আসা সবাই চিকিত্সা নিতে ভারতে গিয়েছিলেন। এরপর লকডাউনের কারণে সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা ভারতে আটকা পড়ে।