রাস্তায় চলাচলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীদের নিরাপত্তামূলক সাত পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তায় চলতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়ে কেউ কেউ রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন। কখনো বা হারাতে হচ্ছে প্রাণ। তাই মহানগরীতে ভ্রমণকালে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে নগরবাসীদের পরামর্শ দেওয়া হয়।
১. রিকশায় চড়ে কোথাও যাওয়ার সময় কোলে ব্যাগ রাখবেন না। মোটরসাইকেল কিংবা গাড়িতে ছিনতাইকারী এসে হ্যাঁচকা টান দিতে পারে। এতে করে আপনি রিকশা থেকে পড়ে গিয়ে শারীরিকভাবে আঘাত পেতে পারেন। ব্যাগ থাকলে তা দুই যাত্রীর মধ্যখানে রাখবেন, যাত্রী একা থাকলে নিরাপদভাবে ব্যাগ রাখবেন। রিকশায় যাতায়াতের সময় হুড তুলে রাখবেন। ২. অনুমোদিত রাইড শেয়ারিংয়ের যানবাহনে যাতায়াত করুন। অনুমোদনবিহীন যানবাহনে যাতায়াত পরিহার করুন। ৩. মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে চলাচল থেকে বিরত থাকুন। সম্ভব হলে কোনো গাড়িতে ওঠার আগে গাড়ির নম্বর টুকে রাখুন এবং কাছের কাউকে সেই নম্বর মেসেজ করে রাখুন। ৪. নির্জন রাস্তা বা গলিপথ দিয়ে একাকী চলাচল থেকে বিরত থাকুন। বিশেষ করে খুব ভোরে রাস্তায় একা চলাচল করবেন না। বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে কাউকে সঙ্গে নিয়ে যাতায়াত করুন। ৫. রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ। ৬. শহরে চলাচলের সময়ে যানবাহনে উঠলে প্যান্টের পেছনের পকেটে ওয়ালেট বা মোবাইল ফোন রাখা নিরাপদ নয়। প্রয়োজনে ওয়ালেটটি সামনের পকেটে রাখুন। মোবাইলটি হাতে রাখতে পারেন। তাহলে ছিনতাইকারীরা সহজে ছিনিয়ে নিতে পারবে না। ৭. থানার মোবাইল নম্বর সব সময় নিজের মোবাইল ফোনে ও মানিব্যাগে সংরক্ষণ করুন, যাতে প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন। থানার মোবাইল নম্বর না থাকলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করে প্রয়োজনীয় পুলিশ সেবা নিন।