আড়াইহাজারে ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগরে এক ইউপি সদস্যকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। আহত ইব্রাহিম কালাপাহাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের  সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে ইব্রাহিমের ভাগনে ইয়াসিন ও হাবিবুল্লাহর ছেলে কামরুলের মধ্যে বাগিবতণ্ডার জেরে সংঘর্ষ সৃষ্টি হলে তদন্ত  কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর উভয়পক্ষ দুপুরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন ইউপি সদস্য ইব্রাহিম হাবিবুল্লাহর বাড়িতে গিয়ে  তাদের শান্ত করতে চেষ্টা করলে দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুল্লাহ, রশিদ, সওদাগর ও আউয়াল তাকে ট্যাঁটা ও ছোরা দিয়ে গুরুতর জখম করে। হামলায়  ইব্রাহিমের  হাঁটুর হাড় ভেঙে যায়। এ সময় হামলাকারীরা তার পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।   এ সময় আহত ইব্রাহিমের চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন। এ ব্যাপারে ইব্রাহিমের শ্যালক বাতেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।